আজ পবিত্র লাইলাতুল কদর
আজ পবিত্র লাইলাতুল কদর
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর ।
শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বাদ জোহর বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ।
লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রজনী । এক হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় এ রজনীতে । রমজান মাসের শেষ দশরজনীর বিজোড় একটি এই সৌভাগ্যের রজনী ।
পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন । এ উপলক্ষে রোববার সরকারি ছুটি ।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন ।
তিনি বলেন , ‘ আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী লাভের সুযোগ এনে দেয় এই রাত । এই মহিমান্বিত রজনী সকলের জন্য ক্ষমা , বরকত , সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহ্র দরবারে এ মোনাজাত করি ।‘
প্রধানমন্ত্রী তাঁর বানীতে পবিত্র এই রজনীতে মহান আল্লাহ্র কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি , শান্তি ও কল্যাণ কামনা করেছেন ।
তিনি বলেন , ‘ মহান আল্লাহ্ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন । হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম । এ রাতে আল্লাহ্র অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় । পবিত্র এ রাতে ইবাদত – বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহ্র নৈকট্য লাভ করতে পারি । অর্জন করতে পারি তাঁর অসীম রহমত , বরকত ও মাগফিরাত ।‘
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল , ধর্মীয় আলোচনা ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে ।
জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদেই তারাবীর নামাজের পর থেকে ওয়াজ মাহফিল , মিলাদ , দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে
পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে ।
ছবিঃ সংগ্রহ

