বৃষ্টি , রিজার্ভ ডে , টাই ও পয়েন্ট নিয়ে বিশ্বকাপে আইসিসি’র নিয়ম
বৃষ্টি , রিজার্ভ ডে , টাই ও পয়েন্ট নিয়ে বিশ্বকাপে আইসিসি’র নিয়ম
ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে বৃষ্টির কারণে ইতোমধ্যে পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ । পূর্বের ১১টি বিশ্বকাপে বৃষ্টির কারণে এত ম্যাচ পরিত্যক্ত হয় নি । এবারই রেকর্ড সংখ্যক ম্যাচ পরিত্যক্ত হলো । ১৯৯২ ও ২০০৩ সালে ২টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল । এবারের আসরের এখনো বাকি রয়েছে ৩২টি ম্যাচ । বর্তমানে ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও অনেক ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । মূল পর্বের ম্যাচগুলো পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট তালিকায় সমস্যার সংকেত পাচ্ছে দলগুলো ।
বৃষ্টির কারণে খেলা না হলে , পয়েন্ট সমান হলে , ম্যাচ টাই হলে বা রিজার্ভ’ডে নিয়ে এবারের বিশ্বকাপে আইসিসি কি কি নিয়ম রেখেছে দেখা যাকঃ
১. লিগ পর্বের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে , অংশ নেয়া দল দুটি পয়েন্ট ভাগাভাগি করে নেবে । একটি করে পয়েন্ট পাবে দু’দল । কেননা লিগ পর্বের জন্য কোন রিজার্ভ’ডে রাখা হয় নি ।
২. বিশ্বকাপের লিগ পর্বে কোন ম্যাচ টাই হলেও অংশ নেওয়া দু’দল পয়েন্ট ভাগাভাগি করবে । কোন সুপার ওভার রাখা হয় নি ।
৩. লিগ পর্বে না থাকলেও সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচে সুপার ওভার থাকছে । ম্যাচ টাই হলেও সুপার ওভারে গড়াবে ম্যাচ ।
৪. লিগ পর্ব শেষে পয়েন্ট সমান হলে , সেমিফাইনালে উঠতে ওই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন দল , সেটি দেখা হবে । জয় সমান হলে নেট রান রেটে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবার সুযোগ পাবে । নেট রান রেট সমান হলে লিগ পর্বে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবে । আবার সেখানেও সমান হলে টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি’র ঘোষিত দলগুলোর বাছাই অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে ।
টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর অবস্থান ছিলঃ ১. দক্ষিণ আফ্রিকা ২. ভারত ৩. অস্ট্রেলিয়া ৪. ইংল্যান্ড ৫. নিউজিল্যান্ড ৬. পাকিস্তান ৭.বাংলাদেশ ৮.শ্রীলংকা ৯. আফগানিস্তান ১০. ওয়েস্ট ইন্ডিজ ।
৫. বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে কোন রিজার্ভ’ডে নেই । শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ’ডে আছে ।
৬. রিজার্ভ’ডে’তেও সেমিফাইনালের খেলা বৃষ্টি বিঘ্নিত হলে লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকা দল ফাইনালে যাবে ।
৭. ফাইনাল খেলায় বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে খেলা হবে । যদি রিজার্ভ ডে’তেও খেলা না হয় তাহলে শেষ পর্যন্ত দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করে নেবে ।
ছবিঃ সংগ্রহ

