বহুল প্রত্যাশিত ইম্পেরিয়াল হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বহুল প্রত্যাশিত ইম্পেরিয়াল হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বন্দর নগরী চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বহুল প্রত্যাশিত ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড আজ শনিবার ( ১৫ জুন ) থেকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে । সকাল ১০ টায় হাসপাতালের উদ্বোধন করেন বিশ্বের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন ও ভারতের ব্যাঙ্গালুর এর নারায়না ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাঃ দেবী শেঠী ।
ফয়স’লেক চক্ষু হাসপাতাল সংলগ্ন প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে সাত একর জমির ওপর ৫টি ভবন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের এ হাসপাতাল । উন্নতমানের সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা , কার্ডিয়াক , ট্রান্সপ্ল্যান্ট , নিউরো , অর্থোপেডিক ও গাইনি সহ ১৪টি মডিউলার অপারেশন থিয়েটার , ৬টি নার্স স্টেশন ও ৬২টি কনস্যালটেন্ট রুম সম্বলিত বহির্বিভাগ এবং আধুনিক গুণগত মানসম্পন্ন ৬৪টি ক্রিটিকেল কেয়ার বেড , নবজাতকদের জন্য ৪৪ শয্যাবিশিষ্ট নিওনেটাল ইউনিট ও ৮টি পেডিয়াট্রিক আই সি ইউ স্থাপন করা হয়েছে ।
ভারতের বিখ্যাত নারায়ণা হেলথ ও ইম্পেরিয়াল যৌথভাবে কার্ডিয়াক সেন্টার পরিচালনা করবে এবং ডাক্তার , নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ প্রদান করবে । উন্নত বিশ্বের আলোকে স্বাস্থ্যসেবা দিতে ৩৭৫ শয্যাবিশিষ্ট হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায় ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে ডাঃ শেঠী বলেন , ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানের পরিকল্পিত স্বাস্থ্যসেবা চালু হয়েছে । এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা হ্রাস পাবে ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রবিউল হোসেন । তিনি বলেন , এ হাসপাতালে এক ছাদের নিচে সব ধরণের চিকিৎসা সেবা মিলবে । হৃদরোগ বিভাগের চিকিৎসা ভারতের নারায়ণা হেলথ ও ইম্পেরিয়াল হাসপাতালের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে । এ বিভাগের নামকরণ করা হয়েছে ইমপেরিয়াল –নারায়ণা কার্ডিয়াক বিভাগ ।
ডাঃ শেঠী হাসপাতাল পরিদর্শন করে অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন ।
ছবিঃ সংগ্রহ

