নিউজিল্যান্ডে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু
নিউজিল্যান্ডে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের হামলায় যে ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছিল সে ধরণের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারের লক্ষ্যে দেশটি বৃহস্পতিবার বিক্রিত অস্ত্র ফের ক্রয় কর্মসূচি শুরু করেছে ।
গত ১৫ মার্চ মসজিদে জুম্মার নামাজে বর্বর হামলার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন প্রতিশ্রুতি দিয়ে বলেন , নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করা হবে । এবং তার সরকার মাত্র তিন মাসের মধ্যে তা পরিবর্তন করেছে । সেখানে মসজিদে হামলায় ৫১ মুসলিম নিহত হন । খবর এএফপি’র ।
আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনার পর দেশটির আইন প্রণেতারা এমএসএসএ অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে ভোট দেন । এতে অস্ত্রটি নিষিদ্ধের পক্ষে ১১৯টি এবং বিপক্ষে মাত্র ১টি ভোট পড়ে ।
অস্ত্রের লাইসেন্স রয়েছে এমন মালিকদের অস্ত্র জমা দেওয়ার জন্য ছয় মাস সময় বেধে দেওয়া হয়েছে । অস্ত্র জমাদান কর্মসূচির আওতায় এসব অস্ত্র অবৈধ হিসেবে গণ্য হবে । বেধে দেয়া সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দেবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে না । সাধারণ ক্ষমা ঘোষণার এই মেয়াদ শেষ হওয়ার পর কারো কাছে এ ধরণের অস্ত্র পাওয়া গেলে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা প্রদান করা হবে ।
দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট নাশ বলেন , ‘ বিক্রিত অস্ত্র ফের ক্রয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এমন যেসব অস্ত্র ইতোমধ্যে বিক্রি হয়েছে সেসব অস্ত্র উঠিয়ে নেয়া । আল-নুর ও লিনুউড মসজিদে হামলায় প্রাণহানির ঘটনার পর অস্ত্র অপসারণের এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।‘
ছবিঃ সংগ্রহ

