আবহাওয়া

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। শেষ-রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৬ মিলিমিটার, সিলেটে ১০ মিলিমিটার এবং ইশ্বরদীতে ৮ মিলিমিটার।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর