লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
আজ পবিত্র হজ্জ। এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজ্জে অংশ নেওয়া মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ্জের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ (অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।
বাংলাদেশের ৬০ হাজার ১৪৬ হজ্জ যাত্রীসহ সারা বিশ্ব থেকে ১০ লাখ মুসলমান আরাফার ময়দানে মহান আল্লাহর জিকিরসহ, কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজে মশগুল থাকবেন।
পবিত্র হজ্জ ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সমর্থ পুরুষ ও নারীর জন্য হজ্জ ফরজ। আরাফার ময়দানে অবস্থান করাই হজ্জের মূল আনুষ্ঠানিকতা।
মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থের বিরাট সমতল ময়দানের নাম আরাফা। এর তিন দিক পাহাড়বেষ্টিত। জাবাল মানে পাহাড়। জাবালে রহমত হলো রহমতের পাহাড়। এই পাহাড়ে হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর দেখা হয়েছিল। আর হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়ে একটি উঁচু পিলার আছে। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। আরাফার ময়দানে আর হজ্জের খুতবার পর জুমা ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজ্জের খুতবা দেওয়া হবে।
এ বছর খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল কারিম আল ঈসা। খুতবা বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আর সৌদি সরকারের উদ্যোগে আরাফার খুতবার অনুবাদ বাংলাসহ ১৪ ভাষায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাজিরা শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর (৭০টি) সংগ্রহ করবেন সেখান থেকে।
মিনা, আরাফা ও মুজদালিফায় সৌদি সরকারের পক্ষ থেকে সব হাজিকে বিনা মূল্যে খাবার, বিশুদ্ধ পানিসহ সব সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান হাজিদের নানা উপহার দিচ্ছেন।
ছবিঃ সংগ্রহ

