আবারও কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে এক হাজার ৪৯ টাকা। ফলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকায়, যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৭ টাকা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সংগঠনটি প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৬২৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭০ টাকা।
তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রয়েছে।
ছবিঃ সংগ্রহ

