হজ্জ কোটা পূরণে একদিনের বিশেষ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়
হজ্জের কোটা পূরণে আজ একদিনের বিশেষ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ ২৫ এপ্রিল হজ্জের নিবন্ধনের সার্ভার খুলে দেওয়া হবে। চলতি বছর এটিই শেষ সুযোগ বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গত ৮ ফেব্রুয়ারি প্রথম হজ্জ নিবন্ধন শুরু হয়। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের হজ্জ কোটা এখনো পূরণ হয়নি। অথচ কোটা পূরণে আট বার সময় বাড়ানো হয়েছে। কিন্তু এখনো চার হাজারের বেশি হজ্জ যাত্রীর কোটা ফাঁকা রয়েছে।
গত ২০ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, হজ্জ যাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজ্জে যেতে আরও একদিন নিবন্ধন চলবে।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর গত ১৬ এপ্রিলের পত্র ও হজ্জ যাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্জ যাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার আগামী ২৫ এপ্রিল একদিনের জন্য উন্মুক্ত থাকবে।
ছবিঃ সংগ্রহ

