আজ হজ্জ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ চলতি বছরের হজ্জ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। গত বছর ভার্চুয়ালি হজ্জ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজ্জ যাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ সময় সরকারপ্রধান দু-একজন হজ্জ যাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
উদ্বোধনের পর শনিবার (২০ মে) দিনগত রাত পৌনে ৩টায় প্রথম হজ্জ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ করতে পারবেন। ইতোমধ্যে হজ্জ যাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে, হজ্জের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ হয়নি।
ছবিঃ সংগ্রহ

