সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ জন হজ্জযাত্রী
চলতি বছর হজ্জ পালনের উদ্দেশ্যে এখনও পর্যন্ত ৬৪ হাজার ২৭৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার (৯ জুন) হজ্জ যাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ্জ অফিসের বরাত দিয়ে হজ্জ পোর্টালে এ তথ্য জানা যায়।
হজ্জ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৯২৭ জন। হজ্জে গিয়ে এ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ছয়জন এবং মহিলা দুজন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্জের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
গত ২১ মে থেকে হজ্জ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ্জ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।
ছবিঃ সংগ্রহ

