ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না – নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে বলেছেন, ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় তাদের অভিযান বন্ধ করবে না। ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর একথা জানিয়েছে। খবর, তাস।
প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং এটি স্পষ্ট করেছেন যে, ইসরাইল জঘন্য এবং নিষ্ঠুর খুনীদের হাতে হামলার শিকার হয়েছে। তারা এসব খুনীকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না।
সোমবার ক্রেমলিন জানায়, পুতিন এবং নেতানিয়াহু ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের বিষয় নিয়ে কথা বলেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট নিহত ইসরাইলিদের নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয় এমন যেকোন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহিংসতা বৃদ্ধি রোধ করতে এবং গাজায় মানবিক বিপর্যয় এড়াতে মস্কোর বিভিন্ন পদক্ষেপ ইসরাইলি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সোমবার পুতিন ফিলিস্তিনি, মিশর, ইরান ও সিরীয় নেতাদের সাথে টেলি ফোনে কথা বলেছেন। এসব ফোনালাপের হাইলাইট ইসরাইলকে জানানো হয়েছে।
ক্রেমলিন জানায়, পুতিন আরও বলেন যে, রাশিয়া এ সংঘাতের কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
ছবিঃ সংগ্রহ

