নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের জন্মদিন আজ
নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের জন্মদিন আজ
নাট্যব্যক্তিত্ব ড. সেলিম আল দীনের জন্মদিন আজ । ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে ১৯৪৯ সনের ১৮ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন । মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান ছিলেন তিনি ।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর । নাটকের আঙ্গিক ও ভাষার ওপর বহু গবেষণা করেছেন তিনি ।
তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ফেনী , চট্টগ্রাম , সিলেট , ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে । বাবার চাকুরি সূত্রে পড়াশোনাও করেছেন বিভিন্ন জায়গায় । সেলিম আল দীন ১৯৬৪ সনে ফেনীর মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন । ১৯৬৬ সনে ফেনী কলেজ থেকে এইসএসসি পাশ করেন । ১৯৬৭ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন । দ্বিতীয় বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে টাঙ্গাইলের করোটিয়া সাদত কলেজে ভর্তি হন । সেখান থেকে স্নাতক পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন । ১৯৯৫ সনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইসডি ডিগ্রি লাভ করেন ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন সেলিম আল দীন । তাঁর সম্পাদনায় ‘ থিয়েটার স্ট্যাডিজ ‘ নামে পত্রিকা প্রকাশিত হতো নাট্যতত্ত্ব বিভাগ থেকে । ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন ১৯৮১ – ৮২ সনে নাসিরউদ্দিন ইউসুফকে সাথে নিয়ে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ।
নাটক রচনার পাশাপাশি তিনি নাটক নিয়ে গবেষণা করেছেন আজীবন । বাংলা ভাষার একমাত্র নাট্য বিষয়ক কোষগ্রন্থ ‘ বাংলা নাট্যকোষ ‘ সংগ্রহ , সংকলন , প্রণয়ন ও সম্পাদনা করেছেন সেমিল আল দীন । তাঁর রচিত ‘ হরগজ ‘ নাটকটি সুয়েডিয় ভাষায় অনূদিত হয় , আর এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্যদল হিন্দি ভাষায় মঞ্চায়ন করেছে । আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণ কেন্দ্রিক এথনিক থিয়েটারও উদ্ভাবন করেন তিনি ।
শকুন্তলা , কীত্তনখোলা , জন্ডিস ও বিবিধ বেলুন , মুনতাসির ফ্যান্টাসি , কেরামত মণ্ডল , যৈবতী কন্যার মন , চাকা , হরগজ , প্রাচ্য , হাতহদাই , নিমজ্জন , ধাবমান , পুত্র , বনপাংশুল তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে অন্যতম । তাঁর রচিত কীত্তনখোলা ও চাকা অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে ।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তাঁর গবেষণাধর্মী নির্দেশনা মহুয়া ও দেওয়ানা মদিনা । একুশে পদক ( ২০০৭ ) , বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার ( ১৯৮৪ ) ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে( ১৯৯৩ , ১৯৯৪ ) ভূষিত হন সেলিম আল দীন ।
২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সেমিল আল দীন । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের কাছে তাঁকে সমাহিত করা হয় ।
ছবিঃ সংগ্রহ

