২০২৪ সালের হজ্জ নিবন্ধন শুরু
২০২৪ সালের হজ্জ নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ্জ এজেন্সি) হজ্জ যাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ করতে পারবেন।
এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ্জ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সরকারিভাবে হজ্জে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ্জ প্যাকেজের মধ্যমে হজ্জ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে হজ্জ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ্জ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
ছবিঃ সংগ্রহ

