শিক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলো অনিবার্য কারণে বাতিল করেছে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রফেসর তপন কুমার সরকার জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত বিষয়গুলোর ফলাফল কিভাবে তৈরি হবে তা চূড়ান্ত করে শিগগিরই জানিয়ে দেয়া হবে। আমরা দু-এক দিনের মধ্যে বোর্ড কন্ট্রোলারদের নিয়ে  বৈঠকে করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো বলেও উল্লেখ করেন তিনি।

পরীক্ষার্থীরা নতুন করে আর পরীক্ষা না নিয়ে ইতিমধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করার দাবিতে গত চার দিন ধরে আন্দোলন করছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে আন্দোলনকারী পরীক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকের গেট দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা সচিবালয়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় বসে পড়ে বিক্ষোভ করতে থাকেন। এরপর দাবি পূরণে তারা শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এক ঘণ্টা পার হলে বিকাল ৪টার কিছু আগে পরীক্ষার্থীরা সবাই একযোগে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ২০ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয়।

আরও খবর