কাবা

চলতি বছর পবিত্র হজ্জ পালনে সৌদি আরব গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় ছয়জন।

সোমবার (২৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর হজ্জে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩)।

এছাড়া, ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ্জ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ্জ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজ্জ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজ্জ যাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে। সরকারি হজ্জ যাত্রীর কোটা ৫ হাজার ২০০, বেসরকারি হজ্জ যাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। হজ্জ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং হজ্জ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

আরও খবর