সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মহারাষ্ট্র ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়বে।
এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
পূর্বাভাসে জানা যায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ১ অক্টোবর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

