পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে দ্রুত প্রত্যাবাসন। এ জন্য মিয়ানমারে তাদের ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শরণার্থী ও ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম বাংলাদেশে সফরে থাকা মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি সঙ্গে বৈঠকে এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নজরুল ইসলাম। তিনি রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি তুলে ধরেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে অব্যাহত মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বিশেষ র্যাপোর্টিয়ারকে অবহিত করে তিনি মিয়ানমারে তাদের নিজ নিজ বসতভিটায় দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

নজরুল ইসলাম প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা কেলি ই. কারি তাকে বাংলাদেশ সফরের অনুমতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।

বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও অব্যাহত মানবিক সহায়তা দেওয়ার অঙ্গীকারের প্রশংসা করেন কারি।

দীর্ঘস্থায়ী এ সংকটে রোহিঙ্গাদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখা এবং এর টেকসই সমাধানে উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কেলি ই. কারিকে স্বাগত জানিয়ে এবং বিশেষ র্যাপোর্টিয়ারের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে নজরুল ইসলাম সফরকালে বাংলাদেশের পূর্ণ সহযোগিতা এবং দায়িত্ব পালনে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ গত মার্চে একেলস-কারিকে বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে নিয়োগ দেয়। তিনি ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী টমাস এইচ. অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হন। কেলি ই. কারি গত ১ মে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

আরও খবর