লবণ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – প্রেস নোট
লবণ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – প্রেস নোট
লবণ নিয়ে কোন ব্যক্তি বা মহল গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয় ।
বিবরণীতে বলা হয়েছে , ‘ লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যে কোনভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‘
একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোতে লিপ্ত রয়েছে। সম্প্রতি দেশে লবণের প্রাপ্যতা নিয়েও গুজব ছড়ানোর একটি অপচেষ্টা চলছে বলে বিবরণীতে উল্লেখ করা হয় ।
এই পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্যলবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণচাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে , দেশে প্রতি মাসে ভোজ্যলবণের চাহিদা কমবেশি এক লাখ মেট্রিক টন। অন্যদিকে, লবণের মজুত আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন।
শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গনমাধ্যমকে জানানো হয়েছে যে , প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডিসেম্বর মাসেই দেশে নতুন লবন উৎপাদিত হয়ে বাজারে আসবে। বর্তমান মজুতের সাথে যোগ হবে নতুন উৎপাদিত লবন। ফলে দেশে লবনের কোনো সংকট নেই বা এমন হওয়ার কোনো সম্ভাবনাও নেই।
ছবিঃ সংগ্রহ

