অনলাইনে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার – খাদ্যমন্ত্রী
অনলাইনে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার – খাদ্যমন্ত্রী
এখন থেকে অনলাইনে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার । এজন্য ‘ কৃষকের অ্যাপস ‘ নামে একটি অ্যাপস চালু করা হয়েছে । প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে দেশের ১৬টি উপজেলায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে । পরবর্তীতে পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে । এতে করে অনিয়ম , দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন , অনলাইনে আবেদন করে অ্যাপসের মাধ্যমে চাষিরা ঝামেলাহীনভাবে সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন। ধান সরবরাহের জন্য প্রদত্ত স্লিপ দালাল ও ফরিয়াদের কাছে বিক্রি না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ করেন তিনি ।
অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক চাষিদের মাঝে শস্যবীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রশাসনের স্থানীয় কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে , ইতিমধ্যে ধান-চাল ক্রয়-মনিটরিং করতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমগুলো সারা দেশে ধান-চাল সংগ্রহ ও বাজারদর মনিটরিং করবে।
উল্লেখ্য , চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন ধান কিনবে সরকার। এছাড়া ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ সংগ্রহ করবে সরকার। গত ২০ নভেম্বর থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে ।
ছবিঃ সংগ্রহ

