হলি আর্টিজান মামলার রায় আজ
হলি আর্টিজান মামলার রায় আজ
বহুল আলোচিত হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলার রায় আজ বুধবার ( ২৭ নভেম্বর ) ঘোষণা করা হবে । সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দুপুর ১২টায় এ রায় ঘোষণা করবেন । এজন্য আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তথ্য প্রসিকিউশনের উপকমিশনার জাফর হোসেন জানান , গতকাল দুপুরে আদালত চত্বর ঘুরে দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় ও মীর রেজাউল আলম। তারা দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তাসংক্রান্ত নানা নির্দেশনা দেন। হামলার কোনো আশঙ্কা না থাকলেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর নির্ধারণ করেন। এ পর্যন্ত মোট ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
আদালত সূত্র জানায় , রায় ঘোষণার জন্য কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ১০টার দিকে আসামিদের প্রিজন ভ্যানে করে হাজির করা হবে। দুপুর পৌনে ১২টার দিকে আসামিদের এজলাসে উঠানো হবে। দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার পর আদালত থেকে তাদের কারাগারে পাঠানো হবে।
অভিযোগপত্রে থাকা ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। নিহত ১৩ জনের মধ্যে আট জন বিভিন্ন অভিযানে এবং পাঁচ জন ঘটনাস্থলে নিহত হয়। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন। তিন বছর চার মাস পর আজ এই রায় প্রদান করা হবে।
সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির জানান , আমরা সাক্ষ্য প্রমাণে প্রমাণ করতে পেরেছি যে , আসামিরা অপরাধী। তাই আমরা আশা করছি ৮ আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ দেবেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান , সাক্ষীর জেরা ও যুক্তি উপস্থাপনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আসামিরা অপরাধ করেননি। তাই আমরা রায়ে আদালতের কাছে ন্যায়বিচার পাব বলে আশা করছি।
উল্লেখ্য , ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় পরে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
ছবিঃ সংগ্রহ

