দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা
দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা
সারাদেশের আবহাওয়া শুষ্ক ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের রাজারহাটে রেকর্ড করা হয়। এই সময়ে ঢাকায় ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা অনুভূত হয়। ঘন কুয়াশার কারণে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসছে। এমতাবস্থায়, মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

