প্রধানমন্ত্রীর রান্না করা খাবার উপহার পেয়ে আপ্লুত সাকিব
প্রধানমন্ত্রীর রান্না করা খাবার উপহার পেয়ে আপ্লুত সাকিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে রান্না করা খাবার উপহার হিসেবে পেয়ে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান বলেছেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের ছবি ভক্তদের সাথে শেয়ার করতে নিজের ফেসবুক পেজে আপলোড করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ সম্ভবত আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই নির্বাক। তাঁর নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার সৌভাগ্য হলো আমার। তিনি আজ ( রবিবার) সকালে খাবারগুলো রান্না করে আমার বাসায় পাঠিয়েছেন।
গতকাল (শনিবার) আমার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময়, নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। তাই আজ প্রধানমন্ত্রী নিজে এগুলো রান্না করে পাঠালেন। তার কাছ থেকে এমন ভালোবাসা আমি সত্যিই ভুলতে পারবো না। আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে। আমরা সত্যিই অনেক বেশি ভাগ্যবান।
সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ও স্ত্রীর তোলা ছবিও পোস্ট করেছেন। সাকিব পত্নী শিশিরও ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, এর চেয়ে বেশি ভাগ্যবান হওয়া সম্ভব নয়! নিজের ইচ্ছাপূরণের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সময়ের মাঝেই নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন।
গতকাল তার সঙ্গে দেখা করার সময় জিজ্ঞেস করেছিলেন, আমার পছন্দের খাবার কি? তখন উত্তর শুনে বলেছিলেন, তিনি এগুলো নিজ হাতে রান্না করে আমাদের কাছে পাঠাবেন। আমি সত্যিই সপ্তাকাশে অবস্থান করছি এখন! জীবনের শ্রেষ্ঠতম মধ্যাহ্নভোজ হলো। প্রধানমন্ত্রীর এমন ভালোবাসার বিপরীতে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই আমার।
ছবিঃ সংগ্রহ, ফেসবুক

