সৌদি আরবে ওমরাহ ও টুরিস্ট ভিসা সাময়িক স্থগিত
সৌদি আরবে ওমরাহ ও টুরিস্ট ভিসা সাময়িক স্থগিত
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় ওমরাহ ও টুরিস্ট ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আরব নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর ওমরাহ পালনের পর বেশির ভাগ মুসল্লিই মসজিদে নববীতে যান। তাই সেখানে প্রবেশের ক্ষেত্রেও এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
প্রতিবছর ওমরাহ পালনের জন্য সারা বিশ্ব থেকে প্রায় ৭০ লাখ মুসল্লি সৌদি আরব যান। এর বেশিরভাগই জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করেন।
মদিনায় মসজিদে নববিতে প্রবেশাধিকারও স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি। তবে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সতর্কতা হিসেবে সৌদি আরব এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
সৌদির পর্যটন মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ১০ কোটি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য ঠিক করেছে সৌদি আরব। এ জন্য গত বছরের অক্টোবরে নতুন করে কয়েকটি দেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। এ সপ্তাহে চার লাখ ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়।
বাহরাইনে এখন পর্যন্ত ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে বাহরাইনের চারজন নারী ও তিনজন পুরুষ, দুজন নারী সৌদি আরবের নাগরিক।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ওমানে ৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন ও কুয়েতে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছিসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৫ জন। মারা গেছেন ১৫ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বুধবার বলা হয়, চীনের পর ইতালিতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্বের প্রায় ৪০টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮০ হাজারে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ছবিঃ সংগ্রহ

