কাবার তাওয়াফের স্থান খুলে দেওয়া হয়েছে
কাবার তাওয়াফের স্থান খুলে দেওয়া হয়েছে
সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে পবিত্র কাবার তাওয়াফের স্থান বন্ধ করার পর আবার খুলে দেওয়া হয়েছে। বিশেষ অ্যান্টিভাইরাস পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর তা খুলে দেওয়া হলেও ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে।
শনিবার সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র কাবার মাতাফ খুলে দেওয়া হলেও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
আরব নিউজ জানায়, আপাতত কাবা শরিফের মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে। ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে। করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য পূর্ব সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছবিঃ সংগ্রহ

