ত্রাণ বিতরণ কার্যক্রমে ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে
ত্রাণ বিতরণ কার্যক্রমে ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে
ত্রাণ বিতরণ কার্যক্রমে ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগকৃত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান করবেন।
একই সঙ্গে ত্রাণ কার্যক্রম বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন।
এছাড়া নিয়োগকৃত কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।
সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থাকে লিখিত আকারে জানাবেন। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন।
এর আগে সোমবার সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আটটি জেলার প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে সচিবালয়ে দৈনন্দিন কাজের চাপ কম হওয়ায় সচিব পর্যায়ের কর্মকর্তারা এখন থেকে জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি প্রত্যেক জেলায় ত্রাণকার্যক্রম তদারকি ও সে বিষয়ে আমার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য একজন সচিবকে দায়িত্ব দিয়েছি, কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সচিবালয়ে তাদের নিয়মিত কাজের চাপ কমে গেছে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, এছাড়াও, আমি ইতিমধ্যে আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে সবোর্চ্চ পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। এই কমিটিগুলো স্থানীয় প্রশাসনকে কর্মহীনদের একটি সঠিক তালিকা তৈরি করতে সহায়তা করবে, যাদের সত্যিকার অর্থেই সরকার কর্তৃক সরবরাহ করা খাদ্য সহায়তা প্রয়োজন।
ছবিঃ সংগ্রহ




