প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে – প্রধানমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে ভি‌ডিও কনফারেন্সে তিনি আজ এ কথা জানান।

আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আলেমরা মসজিদে সীমিত আকারে জামাত করার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই বাসায় বসে ইবাদত করুন। এই মহামারী যাতে কেটে যায় সেজন্য দোয়া করুন।

তিনি বলেন, আমরা এ দুঃসময় কাটিয়ে উঠব। আবার কল-কারখানা খুলবে। আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটা আবার চলেও যাবে। আবার আলো আসবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) বৈশ্বিক ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় ৪০০ বাঙালি মারা গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছেছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে করোনা বিরাট একটা সমস্যা। সারা বিশ্বই স্থবির। সবাই ঘরবন্দী।

তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। উন্নত-অনুন্নত দেশ সব দেশেরই একই অবস্থা। বাংলাদেশও এর বাইরে নয়। পরিস্থিতি মোকাবিলায় আমরা শুরু থেকেই নির্দেশনা দিয়েছি।

শেখ হাসিনা বলেন, নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে থাকার চেষ্টা করেছে। এরপরও জীবন-জীবিকার জন্য বাইরে যেতে হয়।

তিনি বলেন, আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। ওএমএসের ৩০ টাকার চাল ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এজন্য ৫০ লাখ কার্ড দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা আমাদের জন্য বিরাট একটা ধাক্কা। যেসব দেশে রপ্তানি করতাম, সেসব দেশের অর্থনীতি স্থবির।

তিনি বলেন, এখন মানুষের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত পরীক্ষা করছে। যা হচ্ছে তা বুলেটিন আকারে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর উপস্থাপন করছে।

শেখ হাসিনা বলেন, দেশে ইতোমধ্যে ৫ হাজার ৪১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪৫ জন। বিশ্বে আরও বেশি মৃত্যু হয়েছে। প্রায় ২ লাখ লোক মারা গেছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ৪০০ জন বাঙালি মারা গেছেন।

তিনি বলেন, এটা একটা অস্বাভাবিক অবস্থা। আমরা এ রকম আর কখনো দেখেনি। বলা হয়ে থাকে শত বছরে একবার এ রকম অবস্থার সৃষ্টি হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবি‌নিময় করছেন তিনি। জেলাগুলো হলো- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করছে।

ভি‌ডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

এর আগে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর