কাবা

আজ থেকে শুরু হচ্ছে হজ্জ নিবন্ধন

করোনা মহামারির কারণে এবার হজ্জ খুবই সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। অংশ নিতে পারবেন সর্বোচ্চ ১০ হাজার হাজি। কারা হজ্জের সুযোগ পাবেন তা নির্ধারণে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নিবন্ধন। ১০ জুলাই পর্যন্ত এ নিবন্ধন চলবে। যারা হজ্জের সুযোগ পাবেন তাদের নাম ঘোষণা করা হবে আগামী ১৩ জুলাই।

সৌদি আরবস্থ বাংলাদেশ হজ্জ মিশনের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত মাসে সৌদি আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার বিস্তার রোধে এ বছর এক হাজারেরও কম হাজির অংশগ্রহণে হজ্জ পালিত হবে। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, অনধিক ১০ হাজার হাজি হজ্জে অংশ নিতে পারবেন। তবে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে আগে থেকেই বাস করা বিদেশিরা এ বছর হজ্জে অংশ নিতে পারবেন। বাংলাদেশ বা বিদেশ থেকে এবার কেউ হজ্জে যেতে পারবেন না।

মাকসুদুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে কেউ না পারলেও সৌদিতে বাস করা বাংলাদেশি নাগরিকরা হজ্জে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সৌদিতে বাস করা বাংলাদেশিদের কতজন হজ্জ করার সুযোগ পাবেন, তা নির্ভর করছে সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর। এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি।

সৌদি সংবাদমাধ্যমের বরাতে তিনি জানান, সৌদি আরবে থাকা বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে হাজ্জি নির্বাচন করা হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ্জ পালিত হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর