করোনা আক্রান্ত চবি উপাচার্য ড.শিরীণ আখতার
করোনা আক্রান্ত চবি উপাচার্য ড.শিরীণ আখতার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। একই সঙ্গে তার পরিবারের চারজন সদস্যও আক্রান্ত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টেস্ট রিপোর্ট জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে উপাচার্যের পিএসসহ বিশ্ববিদ্যালয়ের ১৫ কর্মচারী, কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে গত ৪ জুলাই থেকে ১৪ দিনের জন্য বিশ্ববিদ্যালয় লকডাউনে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
উল্লেখ্য, করোনা মহামারির প্রথম থেকে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মিটিং, কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ এবং করোনার নমুনা পরীক্ষায় ল্যাব নির্মাণসহ বিভিন্ন কাজ করে আসছেন।
উপাচার্য ড. শিরীণ আখতার সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
ছবিঃ সংগ্রহ

