এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা আগামী সপ্তাহে
এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা আগামী সপ্তাহে
আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেব কতটুকু পরীক্ষা নেব তা আগামী সোম/মঙ্গলবারে মধ্যে জানিয়ে দেব।
বুধবার সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধরে রাখা যায় না। তাই দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব তখন কেউ যদি করোনা আক্রান্ত হয় তাদের ব্যাপারে কি করব সেই বিবেচনা আমাদের থাকবে।
মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক দফায় এ ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। তবে সে ছুটিও বাড়ানো হবে বলে আভাষ দিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার এ ছুটির বিষয়ে ঘোষণা আসবে বলে উল্লেখ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
ছবিঃ সংগ্রহ

