বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ভ্রমণের ব্যাপারে ফ্রান্সের সতর্কতা জারি
বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ভ্রমণের ব্যাপারে ফ্রান্সের সতর্কতা জারি
বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম দেশে নিজেদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সর্তকতা জারি করেছে ফ্রান্স। মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেন এক শিক্ষক। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে বলেছিলেন, ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না। ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক ও মৌরিতানিয়া সফরকালে ফরাসিদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে যে কোনো বিক্ষোভ ও গণজমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে , বিশেষ করে ভ্রমণ এবং পর্যটক বা কর্মীরা যেখানে বেশি যাতায়াত করে সেসব স্থানে অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে গুলশানের দিকে রওনা হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।দুপুর ১২টা নাগাদ মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ বেরিকেড দিয়ে তাদের সামনে অগ্রসর হতে দেয়নি। পরে নেতারা পুলিশের সঙ্গে কথা বলে তাদের কর্মসূচি সেখানে সমাপ্ত ঘোষণা করেন।
ছবিঃ সংগ্রহ

