শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ শনিবার। এবছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন।

মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ড থেকে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, যশোর থেকে ১২ হাজার ৮৯২, রাজশাহী থেকে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে।

ফল নিয়ে বিরূপ মন্তব্য না করা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘আমাদের ছেলে-মেয়েদের জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে তারা হতাশ হয়ে না যায়। করোনার করণে এমনিতে তারা স্কুল ও কলেজে যেতে পারছে না। এটা তাদের জীবনের জন্য বড় বাধা।

করোনা মহামারির মধ্যে ফল তৈরি করার জন্য শিক্ষাবোর্ড, শিক্ষক ও এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক থাকে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। বিশেজ্ঞদের সিদ্ধান্তে এভাবে ফল প্রকাশ করা হয়েছে।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড়ের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হলো।

ছবিঃ সংগ্রহ

আরও খবর