সুবীর নন্দী

বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন

রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির শ্মশানে কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন । বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

সংগীতে একুশে পদকপ্রাপ্ত সুবীরনন্দী মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর । গত ৩০ এপ্রিল থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

নন্দিত এই শিল্পী তাঁর দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন । বেতার , টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান । ১৯৮১ সনে তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় । ১৯৭৬ সনে আব্দুস সামাদ পরিচালিত ‘ সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ।

বুধবার সকালে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছে । বিমানবন্দর থেকে তাঁর মরদেহ রাজধানীর গ্রিন রোডের বাসায় নেয়া হয় । এরপর ঢাকেশ্বরী মন্দির হয়ে শহীদ মিনারে জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন , চ্যানেল আই ও পরে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয় ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচালনায় বেলা ১১টায় তাঁর মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় । সেখানে রাজনীতিবিদ , সংগীত শিল্পী , গীতিকার , শিক্ষক , সাংস্কৃতিক জগতের ব্যক্তিবর্গ , লেখক সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত সাধারণ মানুষ ও বিভিন্ন দল , সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ হতে দেড় ঘণ্টাব্যাপী দেশের বরেণ্য এই শিল্পীর কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করে শেষ বিদায় জানান । শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের সময় শিল্পীর স্ত্রী , মেয়ে সহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন ।   

ছবিঃ সংগ্রহ

আরও খবর