সুপ্রিম কোর্ট সমিতি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নির্বাচনে দুইদিনব্যাপী ভোট গ্রহণ আজ শুরু হয়েছে। আজ বুধবার ও পরদিন বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিধি অনুসরণ করে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যরা ছাড়া এখানে অন্য কারো প্রচারণা চালানোর সুযোগ নেই।

১৪ পদে এ নির্বাচন হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।

দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই এবং প্রত্যাহার শেষে ৫১ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্ধীতা করছেন। এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, দুটি সহ-সভাপতি পদের বিপরীতে ৬ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন এবং ২টি সহ-সম্পাদক পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্ধিতা করছেন। বাকী ৭টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ২৪ জন প্রতিদ্বন্ধিতা করেছেন।

নির্বাচন সংক্রান্ত সকল রুলস ও বিধি অনুসরণ করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির প্রধান।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সিনিয়র এডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি পদে ও এডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্যানেল সাদা প্যানেল হিসেবে পরিচিত।

অপরদিকে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট ফজলুর রহমান ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্যানেল নীল প্যানেল হিসেবে পরিচিত।

ছবিঃ সংগ্রহ

আরও খবর