কৃষক বাঁচাতে চাল আমদানি সীমিতকরণ করা হবেঃ অর্থমন্ত্রী
কৃষক বাঁচাতে চাল আমদানি সীমিতকরণ করা হবেঃ অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন , চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দেশে চাল আমদানি সীমিতকরণ করা হবে । শুধু তাই নয় , কৃষক বাঁচাতে ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানির উদ্যোগ নেওয়া হবে ।
তিনি বলেন , ‘ চালের দাম বাড়াতে আমরা সরকারের পক্ষ থেকে যেটা করতে পারি , সেটা হলো চাল আমদানি নিরুৎসাহিত করে সীমিতকরণ করতে পারি । সরকারি ভাবে আমরা এই কাজটি করবো । চাল আমদানি পুরোপুরি বন্ধ করে দিতে পারি না । পাশাপাশি চাল রফতানির দিকেও আমাদের জোর দিতে হবে । প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানির পদক্ষেপ গ্রহণ করা হবে । ‘
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন ।
২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও কৃষকের বাজেট নামে একটি বাজেট প্রস্তাবনা অর্থমন্ত্রীর হাতে তুলে দেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ।
অর্থমন্ত্রী বলেন , চলতি বছর ধান উৎপাদন বেশি হয়েছে কিন্তু চালের দাম আন্তর্জাতিক বাজারেও কম । যার দরুন ধানের দাম নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে । সবজিও উৎপাদন হয়েছে অনেক । কৃষকরা দাম পাচ্ছিল না , এগুলো পচে যাচ্ছিল । আমরা রফতানির ব্যবস্থা করলাম । রফতানি খরচ দিতে পারে না বলে আমরা সেখানে ভর্তুকি দিচ্ছি । এ কারণে সব্জি উৎপাদনে বাংলাদেশ এখন চার নম্বরে । রফতানি করার কারণে এর বাড়তি চাহিদা তৈরি হয়েছে । সব্জির দাম পাচ্ছে কৃষকরা । একইভাবে চালও ভর্তুকি দিয়ে রফতানি করা যেতে পারে ।
তিনি বলেন , একটা সময় ছিল যখন সারা বিশ্বে খাদ্যের জন্য হাহাকার ছিল । কিন্তু বর্তমানে সারা বিশ্বেই খাদ্যের উৎপাদন অনেকগুণ বেড়ে গিয়েছে । এ বছর আমরা অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন করতে পেরেছি । আমাদের যেমন বেশি উৎপাদন হয়েছে , আশেপাশের দেশেও উৎপাদন অনেক বেড়েছে ।
তিনি আরো বলেন , অর্থ মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার , সেগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন ।
কৃষি যন্ত্রপাতির বিষয়ে তিনি বলেন , সরকার নামমাত্র মূল্যে কৃষকদের কৃষি যন্ত্রপাতি দেয় । তারপরও সেগুলো কৃষকরা নিতে চায় না , জোর করে দেয়া লাগে । সবাইকে অবহিত করতে হবে , যদি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন তাহলে উৎপাদন বাড়বে । ব্যয়ও কমে যাবে । এই ব্যয় কমানোর জন্যও আমাদের ব্যবস্থা নিতে হবে ।
কৃষি উৎপাদন বাড়াতে আগামীতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান ।
ছবিঃ সংগ্রহ

