আজ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব
আজ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব
বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ মাসের শেষ দিন সাকরাইন উৎসব নামে পরিচিত। আজ বৃহস্পতিবার এই উপলক্ষে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। পুরান ঢাকার ঐতিহ্য এই সাকরাইন উৎসব।
এবার পৌষ সংক্রান্তির দিনটিকে রাঙাতে প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সাকরাইন উপলক্ষে একসঙ্গে ১০ হাজার ঘুড়ি উড়ানো হবে এবার। আগ্রহীদের মাঝে এসব ঘুড়ি সরবরাহ করবে ডিএসসিসি।
‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে উৎসব। এই উৎসব একযোগে ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নির্দেশে এই ঘুড়ি উৎসব করছে ডিএসসিসির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটি। ঢাকা দক্ষিণের ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মোট ১০০ জন কাউন্সিলরকে ১০০টি করে ১০ হাজার ঘুড়ি সরবরাহ করেছে ডিএসসিসি।
পুরান ঢাকায় উৎসবের সকালের অংশে থাকে পিঠা-পুলিসহ নানা ধরনের মিষ্টি খাবারের আয়োজন। সাকরাইন উৎসবের প্রস্তুতি নিয়ে উচ্ছ্বাসিত থাকেন পুরান ঢাকার বাসিন্দারা। আয়োজনের কমতি না রাখতে প্রস্তুতি শুরু হয় অন্তত দুই সপ্তাহ আগে থেকেই।
ঘুড়ি উৎসবকে সামনে রেখে শাঁখারীবাজারের দোকানগুলোতে নানা ধরনের ঘুড়ি, সুতা, নাটাইয়ের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারাও। উৎসবে মেতে উঠে পুরান ঢাকার বাসিন্দারা।
ছবিঃ সংগ্রহ

