পবিত্র আশুরা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি ( সাঃ )

আজ রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবি ( সাঃ ) । সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন ।

প্রধানমন্ত্রী তাঁর বানীতে বলেছেন , ‘ আমার দৃঢ় বিশ্বাস, মহানবী (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। ‘

বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) এর আগমন ও ওফাত উপলক্ষে প্রধানমন্ত্রী বিশ্বের মুসলিম উম্মাহ্ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন , ‘মহান আল্লাহ আমাদের প্রিয়নবী (সা.) কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন, ‘রাহমাতুল্লিল আ’লামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে। ‘

প্রধানমন্ত্রী আরো বলেন,’ পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভুত হয়েছিলেন। অন্ধকার যুগের অবসান ঘটিয়ে সত্যের আলো জ্বালিয়েছেন। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন। ‘

শেখ হাসিনা এই পবিত্র দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন , ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী রাসুল (স:) এর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়।

তিনি বলেন , ‘মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদেরকে মহানবী (সাঃ) প্রদর্শিত সত্য ও সুন্দরের পথে চলার তৌফিক দিন।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রপতি বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহ’কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে । দেশের সব বিভাগ, জেলা, উপজেলাসহ সরকারী-বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আজ থেকে পক্ষকালব্যাপী আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আজ থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা।

আজ বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ সূচনা হবে। ধর্মসচিব মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচির মধ্যে – ৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর সাহানে ইসলামী ক্যালিগ্রাফি, মহানবী (সা.) এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ৯ নভেম্বর থেকে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২২ ফর্মার আকর্ষণীয় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণিকা’ প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

জাতীয় মসজিদের পূর্ব সাহানে আগামী ১৬ ও ১৭ নভেম্বর বাদ মাগরিব থেকে যথাক্রমে হামদ-না’ত ও ক্বিরআত মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ২০ নভেম্বর বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে রাসূল (সা.) এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমী ও ৫৫০টি উপজেলা বা জোন মডেল রিসোর্স সেন্টারে র‌্যালি, সবীনা খতম, ওয়াজ ও মিলাদ মাহফিল, মহানবী (সা.) এর জীবনীর ওপর সেমিনার বা আলোচনা সভা এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর