আজ বেগম রোকেয়া দিবস
আজ বেগম রোকেয়া দিবস
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন বাঙালি চিন্তাবিদ, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক । বাঙালি নারী জাগরণের অগ্রদূত ।
নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন আজ । নারীশিক্ষার প্রসারে তিনি কাজ করে গেছেন আমৃত্যু। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । ১৯৩২ সালের এই দিনেই তিনি মারা যান । এ দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ই ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে থাকে ।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হবে বেগম রোকেয়াকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান করা হবে আজ। এবারে পদক পাচ্ছেন পাঁচজন বিশিষ্ট নারী।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন ।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে নারীর মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ।রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীমুক্তি, সমাজসংস্কার ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ। তিনি উন্নত মানসিকতা, দূরদর্শী চিন্তা, যুক্তিপূর্ণ মতামত প্রদান ও বিশ্নেষণ, উদার মানবতাবোধের অবতারণা এবং সর্বোপরি দৃঢ় মনোবল দিয়ে তৎকালীন নারী সমাজকে জাগিয়ে তোলেন। রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম নারী সমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে।
দিবসটি উপলক্ষে বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সব শ্রেণি-পেশার নারীকে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে তাঁর বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, বেগম রোকেয়ার কর্মে ও আদর্শে উজ্জীবিত হয়ে নারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবেন। নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
ছবিঃ সংগ্রহ

