স্বর্ণ স্বর্ণ

আবারো বাড়ল স্বর্ণের দাম

আবারো বাড়ল স্বর্ণের দাম। আজ বুধবার থেকে প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৬১ হাজার ৫২৭ টাকা দরে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির বিক্রি মূল্য ছিল ৬০ হাজার ৩৬১ টাকা।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৫৯ হাজার ১৬৪ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রি মূল্য ছিল ৫৮ হাজার ২৮ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ৫৪ হাজার ১১৭ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ১৩ টাকা।

গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর