ইন্দোনেশিয়া, ভারত ও সিঙ্গাপুরের হজ্জ স্থগিতের সিদ্ধান্ত
ইন্দোনেশিয়া, ভারত ও সিঙ্গাপুরের হজ্জ স্থগিতের সিদ্ধান্ত
পবিত্র হজ্জ বিষয়ে সৌদি আরব সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। ফলে বাংলাদেশসহ বহু দেশ সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, ভারত ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ হজ্জে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ১৫ জুনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত পাওয়ার পর আমরা এনিয়ে আলাপ-আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করব।
হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমাদের প্রস্তুতি আছে। এপর্যন্ত হজ্জে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন ৬৪ হাজার ৫৯৯ জন। তবে সৌদি সরকার কি করবে তা আমরা নিশ্চিত নই। তারা যদি সীমিত আকারে হজ্জ অনুষ্ঠানের ঘোষণা দেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়ার বিষয়টি নির্ভর করবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত দেন তার ওপর।
তিনি বলেন, যদিও সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় কোনো সংখ্যার কথা উল্লেখ করে আমাদের অফার এখনো দেয়নি। যদি দেয় সে ক্ষেত্রেও সেই সংখ্যাও কী হবে, কীভাবে হবে এবং এর পলিসি কী হবে নিশ্চত করে সৌদি কর্তৃপক্ষ থেকে জানানো হবে। এ বছর হজ্জে যাওয়ার জন্য যারা নিবন্ধিত হয়েছেন তারা যদি কোনো কারণে এ বছর হজ্জে যেতে না পারেন তাহলে পরবর্তী বছর ২০২১ সালে তারা অগ্রাধিকার ভিত্তিতে যেতে পারবেন।
এদিকে রয়টার্স জানিয়েছে, করোনা মহামারির কারণে এ বছর সীমিতসংখ্যক মুসল্লিকে নিয়ে হজ্জ পালনের পরিকল্পনা করছে সৌদি আরব। এ বছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মোট হজযাত্রীর ২০ শতাংশ হজ পালনের অনুমতি পেতে পারেন। অর্থাত্ লাখ পাঁচেক হজ্জ যাত্রী হজ্জ পালনের অনুমতি পেতে পারেন। সৌদি কর্মকর্তারা বলছেন, এই ৫ লাখ হজ্জ যাত্রীর মধ্যে বয়স্করা সুযোগ পাবেন না।
এদিকে হজ্জ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করছে না ইন্দোনেশিয়া। সৌদি আরব সীমিত পরিসরে হজ্জ আয়োজনের পরিকল্পনা করলেও তাতে সাড়া দিচ্ছে না ইন্দোনেশিয়া।
হজ্জ বাতিলের বিষয়ে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা মেনে হজ্জ পালন করা সরকারের জন্য অসম্ভব একটা ব্যাপার। ভারতীয় হজ্জ কমিটি এক বিবৃতিতে সমস্ত যাত্রীর উদ্দেশ্যে বলা হয়েছে, দুঃখের সহিত জানাই যে, এ বছরে কোভিড-১৯ করোনা ভাইরাসে পুরো বিশ্ব আক্রান্তের কারণে, ভারত থেকে পবিত্র হজ্জ এ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

