ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় গাজায় নিহত ৫০
গাজায় শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় ৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা শহরে হামলা আরও তীব্রতর করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইল বলেছে, তারা গাজা সিটি দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করে।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা ইসরাইলি বাহিনীর এই নৃশংস হামলার বিরুদ্ধে সতর্ক করেছে।
তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতির শোচনীয় অবস্থায় থাকা গাজা শহরের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এই স্থানটিতে জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার শহরে ৩৫ জন নিহত হয়েছে এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরে সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে।
গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইসরাইল এক সপ্তাহ আগে এলাকার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।
তারা দাবি করছে, হামলার এই ভবনগুলোকে ব্যবহার করছে।
গতকাল শুক্রবার ইসরাইলি বাহিনী বলেছে, হামাসকে বিপর্যস্ত করার জন্য এবং হামলার পরবর্তী পর্যায়ের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের সৈন্যদের জন্য হুমকি কমাতে তারা লক্ষ্যবস্তুবদ্ধ হামলার গতি আরও তীব্র করবে।
ছবিঃ সংগ্রহ

