ঈদুল ফিতর সোমবার
ঈদুল ফিতর সোমবার
শনিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।
বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে হচ্ছে না ঈদের নামাজের জামাত। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।
এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এবারের ঈদ জামাত আয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা নেই।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের ৬৪ জেলা ও ইসলামিক ফাউন্ডেশন অফিস থেকে পাঠানো তথ্য, আবহাওয়া অধিদফতরের তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছান চাঁদ দেখা কমিটি।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, শনিবার ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রবিবার হবে ৩০ রমজান। সবাইকে ঈদ মোবারক।
ছবিঃ সংগ্রহ

