বাংলাদেশ সরকার

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা নির্বিঘ্ন রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন যাতে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোকে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। কোনো এটিএম বুথে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া, এটিএম বুথগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়েও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাক।

ব্যাংকগুলোকে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে যেকোনো পরিমাণ লেনদেনের জন্য গ্রাহকদের এসএমএস অ্যালার্ট সেবার মাধ্যমে তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ছুটি অনুমোদন করেছে। এর মধ্যে পূর্বঘোষিত ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও খবর