সুপ্রিম কোর্ট

এটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বসছে না সুপ্রিমকোর্ট

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ বিচারকার্য পরিচালনার জন্য বসছে না।

আজ সোমবার সকালে ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত হয়ে কোর্ট না বসার কথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, আমারা শোকাহত। আমারা আজ এটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে (আপিল বিভাগ) বসছি না। হাইকোর্ট বেঞ্চও বসবে না।

এসময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতিকে জানান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে স্বাস্থ বিধি মেনে এটর্নি জেনারেলের নামজে জানাজার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এটর্নি জেনারেল রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সকালে এটর্নি জেনারেল মাহবুবে আলমের জ্বর আসায় চিকিৎসকের পরামর্শে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার কোভিড-১৯ শনাক্ত হয়। তবে পরবর্তী করোনামুক্ত হলেও শারীরিক অবস্থার অবনতি হলে এটর্নি জেনারেলকে সিএমএইচ এর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।

এটর্নি জেনারেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, আইনজীবী সংগঠনসহ তার শুভাকাঙ্খীরা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর