এবার বাড়লো স্মারক মুদ্রার দাম
এবার বাড়লো স্মারক মুদ্রার দাম
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ার পর এবার বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম। প্রতিটি স্বর্ণ মুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৭৮ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়। নতুন এ দাম আজ সোমবার থেকেই কার্যকর হয়েছে।
পুনর্নির্ধারণ করা মূল্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেটমানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটির ৭৮ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতোদিন এ স্বর্ণ স্মারক মুদ্রা ৭৫ হাজার টাকায় বিক্রি হতো।
এছাড়া স্মারক রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক হাজার টাকা দাম বাড়ানো হয়েছে।
বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা রয়েছে। এর মধ্যে আছে- বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ ৯২৫ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা রয়েছে।
ছবিঃ সংগ্রহ

