কাবা

এবারের হজ্জে কাবা স্পর্শ করতে পারবেন না হাজীরা

করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত পরিসরে পালিত হবে এবারের হজ্জ। সৌদি আরবের বাইরের কেউ এবারের হজ্জে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু নতুন করে দেশটিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় হজ্জের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। সেখানে বলা হয়েছে, হজ্জ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজীরা।

সোমবার সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজ্জ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজীরা। এবং এর সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা।

গত জুনে সৌদি সরকার জানায়, করোনা পরিস্থিতিতে এবারের হজ্জে আশপাশের এলাকা থেকে এক হাজার মানুষ অংশ নিতে পারবে। সেই ঘোষণার সঙ্গে হজযাত্রীদের জন্য এবার নতুন কিছু স্বাস্থ্যবিধি যুক্ত করল সৌদি সরকার।

সৌদির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে জানায়, ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজ্জে। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের।

১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ্জের আনুষ্ঠানিকতা। এই সময়ে সীমিত সংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফায় যাওয়ার অনুমতি পাবেন। সেক্ষেত্রে হাজী ও আয়োজকদের প্রত্যেককে সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৫ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৬ জনের।

ছবিঃ সংগ্রহ

আরও খবর