সুপ্রিম কোর্ট

কাবিন নামায় কুমারীর পরিবর্তে অবিবাহিত শব্দ সংযোজন  – হাইকোর্ট     

কাবিন নামায় ফর্মের ৫ নম্বর কলামে কনে কুমারী থাকা শব্দটি বাদ দেওয়ার নির্দেশ প্রদান করেছে হাইকোর্ট । এর পরিবর্তে অবিবাহিত শব্দটি যোগ করতে বলা হয়েছে ।

এছাড়াও ৪ নম্বর কলামে ‘ক’ সংযুক্ত করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত , বিপত্নীক ও তালাকপ্রাপ্ত কিনা তা সংযোজন করতে বলা হয়েছে ।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় প্রদান করে ।

আইনজীবী জেড আইন খান বলেন , আদালত বলেছেন কুমারী শব্দটা থাকা ঠিক না । সেটা বাদ দেওয়া এবং কাবিনের ৪ নম্বর কলামে বরের ক্ষেত্রে সে বিবাহিত কিনা তালাকপ্রাপ্ত অথবা বিপত্নীক কিনা সেটা লিখতে হবে ।

কাবিননামায় ওই অনুচ্ছেদটি বৈষম্যমূলক উল্লেখ করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট , নারীপক্ষ এবং বাংলাদেশ মহিলা পরিষদ ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিট আবেদনটি করে । রিটের বিবাদীরা হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব , ধর্ম মন্ত্রণালয়ের সচিব প্রিন্টিং এবং প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টরা । রুলের শুনানিতে এ বিষয়ে ধর্মীয় মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন ।

কাবিননামায় শুধু কনের বৈবাহিক অবস্থা ও তথ্য সন্নিবেশিত করার অনুচ্ছেদ রয়েছে । তবে বরের বৈবাহিক অবস্থা সম্পর্কিত কোন অনুচ্ছেদ নেই । এটা বৈষম্যমূলক । সংবিধান অনুসারে কারও প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না । ওই অনুচ্ছেদটি সংবিধানের ২৭ , ২৮ , ৩১ ও ৩২ অনুচ্ছেদ পরিপন্থী বলে রিটে দাবি করা হয় ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর