চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের কাউন্সিলদের শপথগ্রহণ কাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের কাউন্সিলররা আগামীকাল শপথগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করনোর কথা রয়েছে। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ওসমানি স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুইশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা সবাই নিজেদের ব্যবস্থাপনায় ঢাকা পৌঁছাবেন। মেয়র রেজাউল করিম সপরিবারে বিমানে যাওয়ার কথা রয়েছে। মেয়র ও পরিবারের সদস্যরা ঢাকায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউজে অবস্থান করবেন।

শপথ গ্রহণ শেষে ধানমন্ডি-৩২ নম্বরে যাবেন মেয়র রেজাউল করিম ও কাউন্সিলররা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ১২ ফেব্রুয়ারি সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাবেন। সেখান থেকে রাতে কাউন্সিলররা চট্টগ্রামে ফিরে আসবেন। কিন্তু মেয়র ঢাকায় অবস্থান করবেন এবং পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে কয়েক জন মন্ত্রী ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি। সেদিনই তাঁর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধীজনদের সাথে মতবিনিময় করবেন নবনির্বাচিত মেয়র। এরপর দুপুর ১টায় সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রেজাউল করিম চৌধুরী।

এদিকে, নগর আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর ষষ্ঠ পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পঞ্চম পরিষদের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সদ্যবিদায়ী চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়্যারম্যান জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম সহ চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর