চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ৬২ দশমিক ২৫
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
সোমবার সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন ।
এরপর বেলা ১০টা থেকেই একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবাসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫, বিগত ২০২৫ সালে ছিল ৬৮.০৪, পাসের হার কমেছে ৩.৯৯। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১.৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
২০২৫ সালে জিপিএ–৫ ছিল ১,২৫,০১৮ জন, ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১,০৬,০০৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯,০০৯ জন।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ৫৭টি, ২০২৫ সালে ছিল ৪৮টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬টি। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ২৯টি, ২০২৫ সালে ছিল ০টি।
ছবিঃ সংগ্রহ

