চলতি মৌসুমের বিমানের প্রথম হজ্জ ফ্লাইট শুরু
চলতি মৌসুমের বিমানের প্রথম হজ্জ ফ্লাইট শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ্জ ফ্লাইট আজ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় । সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজ্জ যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইট বিজি-৩০০১ ঢাকা ত্যাগ করে ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে হজ্জ যাত্রীদের বিদায় জানান । এ বছর প্রায় ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ যাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী সৌদি আরব যাবেন ।
বিমান বাংলাদেশ এ বছর ৬৩,৫৯৯ জন হজ্জ যাত্রী পরিবহন করবে । যা মোট হজ্জ যাত্রীর অর্ধেক । অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস । ৬ জুলাই থেকে এ এয়ারলাইনস হজ্জ ফ্লাইট শুরু করবে ।
দু’মাস ব্যাপী হজ্জ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫ টি ফ্লাইট পরিচালনা করা হবে , যার মধ্যে ৩০৪টি ডেডিকেটেড এবং ৬১টি শিডিউল ফ্লাইট । ৪ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত প্রি-হজ্জ এ মোট ১৮৯টি ফ্লাইট পরিচালনা করা হবে । ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট-হজ্জ এ মোট ১৪৭টি ফ্লাইট পরিচালনা করা হবে । এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশ ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে ।
হজ্জ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা এবং ঢাকা-মদিনা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে । এবছর চট্টগ্রাম থেকে ১৯ টি এবং সিলেট থেকে ৩ টি হজ্জ ফ্লাইট পরিচালনা করা হবে ।
ছবিঃ সংগ্রহ

