চালু হলো বহু প্রতীক্ষিত ই-পাসপোর্ট
চালু হলো বহু প্রতীক্ষিত ই-পাসপোর্ট
আজ থেকে চালু হলো ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট। আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ই-পাসপোর্ট উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হচ্ছে। এক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ ১১৯তম।
প্রধানমন্ত্রী বলেন, ই-পাসপোর্ট প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে। এটি চালুর ফলে বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে।
তিনি আরও বলেন, এই ই-পাসপোর্টের মাধ্যমে জাল পাসপোর্টের সমস্যা যেমন সমাধান হবে অন্যদিকে প্রবাসীসহ বিদেশগামীদের হয়রানির শিকার হতে হবে না। তাদের যেন হয়রানির শিকার না হতে হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
সর্বপ্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলেই ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। প্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে এই ই-পাসপোর্ট দেওয়া হবে। পরে সারা দেশে থেকেই এই সেবা পাওয়া যাবে। এরপর বিদেশে অবস্থানরতরাও আবেদন করতে পারবেন। ই-পাসপোর্ট হবে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার যার মেয়াদকাল পাঁচ ও ১০ বছর। পাশাপাশি আগের পাসপোর্টের মতোই ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
ই-পাসপোর্টের মেয়াদ হবে ৫ থেকে ১০ বছর। ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ৩৫০০ টাকা, জরুরি ফি ৫৫০০ টাকা ও অতীব জরুরি ফি ৭৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৫০০০ টাকা, জরুরি ফি ৭০০০ টাকা ও অতীব জরুরি ফি ৯০০০ টাকা।
নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতীব জরুরিতে ৩ দিনে, জরুরিতে ৭ দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২১ দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়দোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট ২ দিনে, জরুরি পাসপোর্ট ৩ দিনে ও সাধারণ পাসপোর্ট ৭ দিনের মধ্যে দেয়া হবে।
আলাদা আলাদা ই-পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সাধারণ ফি ১০০ মার্কিন ডলার ও জরুরি ফি ১৫০ মার্কিন ডলার। ১০ বছর মেয়াদি সাধারণ ফি ১২৫ মার্কিন ডলার ও জরুরি ফি ১৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ (বিআরসি) অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
ছবিঃ সংগ্রহ

